স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসের জ্বালানি সংকটে পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

দুই মাসের জ্বালানি সংকটে পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ফাইল ছবি

জ্বালানি সংকটের কারণে গত দুই মাসে দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। একই সঙ্গে গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাটেক্সপো আয়োজন, নতুন বাজার ও ক্রেতা অনুসন্ধান এবং পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহমুদ হাসান খান বলেন, হঠাৎ কোনো সংকটের কারণে একটি কারখানা একদিনে বন্ধ হয়ে যায় না। একটি কারখানা বন্ধ হতে অন্তত ছয় মাস সময় লাগে। কারখানায় আগের ক্রয়াদেশ থাকে, পাশাপাশি শ্রমিকদের বেতনসহ বিভিন্ন ধরনের দায়বদ্ধতা থাকে। তাই মাত্র দুই মাসের জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়েছে এমনটি বলা যাবে না। এর প্রকৃত প্রভাব বুঝতে আরও সময় প্রয়োজন।

তিনি বলেন, এক বছর আগের কোনো সমস্যার কারণে কোনো কারখানা বন্ধ হয়ে থাকলে সেটির দায় বর্তমান পরিস্থিতির ওপর দেওয়া ঠিক হবে না। শিল্প খাতে কারখানা বন্ধ হওয়া এবং নতুন কারখানা চালু হওয়া একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া।

বিজিএমইএ সভাপতি বলেন, জ্বালানি সংকটের কারণে এখনই কোনো পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে গিয়ে কারখানাগুলো বন্ধ হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

জ্বালানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গ্যাসের ব্যবহার কমিয়ে তা শিল্পকারখানায় সরবরাহের পরামর্শ দেন।

রপ্তানি পরিস্থিতি তুলে ধরে মাহমুদ হাসান খান জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে দেশের সামগ্রিক রপ্তানি ৫ দশমিক ১২ শতাংশ বেড়েছে। তবে গত বছরের আগস্টে রপ্তানি কম থাকায় এবার প্রবৃদ্ধির হার তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষায় হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে জমি বরাদ্দের দাবি জানানো হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

এ সময় বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন চলতি মাসেই জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়