পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩), গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০) এবং একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বাসটি সরিয়ে এর নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন বলেন, রেকার দিয়ে বাসটি তুলে আনার পর সর্বশেষ বাসের নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








