ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০
ছবি: সংগৃহীত
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে যাওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ থেকে ২৫ জন আন্দোলনকারী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
আহতদের মধ্যে আব্দুল ওয়াজেদ, আনোয়ারুল আমিন রাসেল, মো. রাশেদ ও মো. এরশাদের নাম পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে প্রথমে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর ও এর আশপাশের এলাকায় সমবেত হন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তীতে সেখান থেকে তারা চাকরিতে পুনর্বহাল, প্রাপ্য পদোন্নতি এবং বকেয়া সুযোগ-সুবিধার দাবিতে সচিবালয় অভিমুখে একটি মিছিল নিয়ে যাত্রা করেন। আন্দোলনকারীরা এ সময় দফা এক, দাবি এক, চাকরি ফেরত চাইসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব হয়ে সচিবালয় মোড়ের কাছাকাছি পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গতি রোধ করে এবং ব্যারিকেড দেয়।
আরও পড়ুন: আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিহত ৭
প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের সামনে পুলিশি বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় আন্দোলনকারীদের একটি অংশও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আন্দোলনকারীদের উগ্র অংশ পুলিশের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে বলপ্রয়োগ করে।
চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ব্যাংকে সততার সঙ্গে চাকরি করার পর কোনো ধরনের সুনির্দিষ্ট নোটিশ বা যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে এই দাবি নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন এবং কেন্দ্রীয় ব্যাংকের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেওয়ার সময় সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যাতে বেশ কয়েকজন আহত হন।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাদের মূল দাবি হলো চাকরিতে সম্মানজনক পুনর্বহাল। যতদিন পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত তাদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন অব্যাহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








