স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:০২, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফ্র্যাঞ্চাইজি মডেলে ফিরছে বিসিএল, যুক্ত হচ্ছে নতুন ৬ করপোরেট প্রতিষ্ঠান

ফ্র্যাঞ্চাইজি মডেলে ফিরছে বিসিএল, যুক্ত হচ্ছে নতুন ৬ করপোরেট প্রতিষ্ঠান

ফাইল ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি কাঠামো আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাণিজ্যিকভাবে টুর্নামেন্ট ও লিগ পরিচালনার পরিকল্পনায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিগুলো হলো ব্লুস্টার, একমি, সেভেন রিং সিমেন্ট, সিটিজেন ব্যাংক, ফরচুন ও ওয়ালটন গ্রুপ। 

নতুন কাঠামোয় প্রচলিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নামটি বাদ দিয়ে ছয় দলকে নিয়ে একটি প্যাকেজ ক্রিকেট লিগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের প্রথম শ্রেণির প্রতিযোগিতাকে একটি সমন্বিত ফ্র্যাঞ্চাইজি কাঠামোর আওতায় আনার উদ্যোগ চলছে। 

এর আগে বিসিবি জানিয়েছিল, ছয়টি করপোরেট মালিকানাধীন দলকে কেন্দ্র করে তিন ফরম্যাটের প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ ব্যবস্থায় বোর্ড নিজে কোনো দল পরিচালনা না করে করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে দলগুলোর মালিকানা বা বাণিজ্যিক অধিকার দেওয়ার পরিকল্পনা করেছে।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা অবশ্য নতুন নয়। বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগ চালু হয়। তখন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল এই চারটি দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় চার দলের ব্যয়ভারও বিসিবিকেই বহন করতে হচ্ছিল।

আরও পড়ুন: বিসিবির বোর্ড সভা আজ, আলোচনায় বিপিএল ও নারী ক্রিকেট

নতুন কাঠামোয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়ার ব্যবস্থাও রাখার কথা জানিয়েছে বিসিবি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এর আগে জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এমন চুক্তি হতে পারে, যেখানে লভ্যাংশ পাওয়ার সুযোগ থাকবে। 

প্রথম আসর থেকেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় ৫০ লাখ টাকা করে লভ্যাংশ দেওয়া সম্ভব বলেও ধারণা করা হচ্ছে। বিসিবির দীর্ঘদিনের আর্থিক দায় কমানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটকে বাণিজ্যিকভাবে টেকসই করাই এই কাঠামোর অন্যতম লক্ষ্য।

তবে প্রস্তাবিত ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানার সঙ্গে বিসিবির পরিচালকদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিমের ব্যবসাপ্রতিষ্ঠান ব্লুস্টার, বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহাদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান একমি লিমিটেড এবং বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মিজানুর রহমানের প্রতিষ্ঠান ফরচুন সম্ভাব্য ছয় ফ্র্যাঞ্চাইজির তিনটি। ফলে নতুন বাণিজ্যিক ক্রিকেট কাঠামোতে ফ্র্যাঞ্চাইজি মালিকানা, পরিচালনা এবং স্বার্থের ভারসাম্যও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, দীর্ঘদিনের চার দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের পরিবর্তে এবার ছয়টি করপোরেট দলের অধীনে তিন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটকে একটি প্যাকেজে আনার পথে এগোচ্ছে বিসিবি। নতুন এই কাঠামোর আনুষ্ঠানিক নাম ও বিস্তারিত নিয়মকানুন চূড়ান্ত হওয়ার পরই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ রূপরেখা স্পষ্ট হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়