স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর দেশের স্বার্থ রক্ষার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর দেশের স্বার্থ রক্ষার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, বরং দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার সফর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তার মতে, এ সফরের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এসব কথা বলেন। একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেসবুক পোস্টে মাহদী আমিন জানান, যাতায়াতের দুই দিনসহ মোট ছয় দিনের সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর মূল অবস্থান থাকবে চার দিন। এ সময়ে তিনি একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরসঙ্গী ৩৫ জন। তাদের মধ্যে ১৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী। অন্যরা নিরাপত্তা, সংবাদমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্বে নিয়োজিত প্রয়োজনীয় সদস্য।

মাহদী আমিন তার পোস্টে আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের সন্তান এবং জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জন্য আরেকটি বিশেষ দিকের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন একই অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

মাহদী আমিন আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রাম, আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জনগণের দেওয়া ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ বিশ্বদরবারে তুলে ধরতে যাচ্ছেন।

তিনি বলেন, এটি শুধু একটি বিদেশ সফর বা জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয় নয়। তার মতে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করা হবে এবং দেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

আরও পড়ুন: পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরে তিনি বিভিন্ন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়