আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসের ‘ট্রাম্প টিভি’ চালু

হোয়াইট হাউসের ‘ট্রাম্প টিভি’ চালু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ট্রাম্প টিভি নামে নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প টিভিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন ভিডিও ও উল্লেখযোগ্য মুহূর্ত ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে। এসব কনটেন্ট নিয়মিত হালনাগাদ করা হবে।

চ্যানেলটি চালুর পর সেখানে গত ৩ জুলাই মাউন্ট রাশমোরে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের পুরোনো ভিডিও দেখানো হচ্ছিল।

ট্রাম্প টিভি চালুর ঘটনা এমন সময়ে ঘটল, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ তীব্র হয়েছে। গত শুক্রবার ট্রাম্প CNN, MS NOW ও Politico-কে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরে তিন সংবাদমাধ্যমই প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করে।

এর প্রতিবাদে সোমবার যুক্তরাষ্ট্রের পাঁচটি বড় টেলিভিশন নেটওয়ার্ক—ABC, CBS, CNN, Fox ও NBC—হোয়াইট হাউসের যৌথ সংবাদ সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখে। ওই দিন হোয়াইট হাউসের টেলিভিশন সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকার কথা ছিল CNN-এর।

সাধারণত হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও প্রেসিডেন্টের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য এক বা একাধিক সংবাদমাধ্যমকে দায়িত্ব দেওয়া হয়। পরে অন্য টেলিভিশন নেটওয়ার্কগুলোও সেই ফুটেজ ব্যবহার করতে পারে। এই ব্যবস্থাকে যৌথ সংবাদ সংগ্রহ বা পুল কভারেজ বলা হয়।

পাঁচটি বড় সংবাদমাধ্যম এক বিবৃতিতে বলেছে, সরকারের কার্যক্রম সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে। কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রচলিত সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে মিথ্যা বা নেতিবাচক খবর প্রকাশ করে। CNN, MS NOW ও Politico-কে নিষিদ্ধ করার ঘোষণার পরও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণার অভিযোগ করেছেন। তবে তিনি বলেছেন, এসব সংবাদমাধ্যম খবর প্রকাশ করতে পারবে এবং মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে।

ট্রাম্পের ঘোষণার পর শনিবার CNN, MS NOW ও Politico-এর সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের সংবাদকর্মীদের প্রবেশপত্রও বাতিল করা হয়।

তিন সংবাদমাধ্যম আদালতে গিয়ে এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করার আবেদন করেছে। তাদের দাবি, হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে বুধবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোমবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে নতুন হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। তবে বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো যৌথ সংবাদ সংগ্রহ বন্ধ রাখায় অনুষ্ঠানটি তাদের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়নি। হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হলেও ট্রাম্পের বক্তব্যের পুরো শব্দ শোনা যায়নি।

আরও পড়ুন: শ্রীলংকায় গণকবরে ৫৭২ কঙ্কাল, মিললো চুড়ি, স্কুলব্যাগ, দুধের বোতল

সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধের মধ্যেই চালু হলো ট্রাম্প টিভি। নতুন এই চ্যানেলে ট্রাম্পের বক্তব্য, বিভিন্ন ভিডিও ও হোয়াইট হাউসের কার্যক্রম সরাসরি সম্প্রচারের পাশাপাশি পুরোনো গুরুত্বপূর্ণ বক্তব্যও দেখানো হচ্ছে।

সোমবার বড় টেলিভিশন নেটওয়ার্কগুলোর হোয়াইট হাউসের যৌথ সংবাদ সংগ্রহ থেকে সরে দাঁড়ানোর ঘটনা দেশটির প্রশাসন ও সংবাদমাধ্যমের সম্পর্ককে ঘিরে নতুন পরিস্থিতি তৈরি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়