আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

উত্তর আন্দামানে ঘূর্ণাবর্ত, আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

উত্তর আন্দামানে ঘূর্ণাবর্ত, আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ফাইল ছবি

উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন থাইল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস ও বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী, এই ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে দ্রুত নিম্নচাপে এবং পরবর্তীতে ভয়াল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) প্রাক-নির্ধারিত প্যানেলের তালিকা অনুযায়ী, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে অর্ণব, যা বাংলাদেশের প্রস্তাবিত নাম। বঙ্গোপসাগরের বুকে এই আবহাওয়া পরিবর্তনের ফলে ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার স্বনামধন্য আবহাওয়া পূর্বাভাস মডেল জিএফএস (GFS) এবং বেশ কিছু আন্তর্জাতিক পূর্বাভাস সংস্থা এই ঘূর্ণাবর্তটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে। 

তবে ভারতের আবহাওয়া দপ্তর (IMD) প্রাথমিকভাবে এটিকে শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: নেপালের হিমবাহ ধসের নেপথ্য কারণ জানালেন বিজ্ঞানীরা

আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর সিস্টেমটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর সরাসরি প্রভাবে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়াসহ অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। একইসঙ্গে ওড়িশা, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের বেশ কিছু অঞ্চলেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর ও সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার (Monsoon Trough) জোড়া প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজ্যজুড়ে ইতোমধ্যে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের উপকূলীয় এলাকায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড় অর্ণব-এর গতিপ্রকৃতি এবং এর সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলীয় রাজ্যগুলোর প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত নতুন আপডেট প্রকাশ করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়