স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৩১, ৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার ২২ দিনে জেলেদের জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে।

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫৪ হাজার। তাদের মধ্যে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে ১১ হাজার ৮৫০ জেলে বর্তমানে ভিজিএফের চালের আওতায় নেই। তাদের পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার সময়ে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে মোট ১৫৩ মেট্রিক টন ভিজিএফের চাল দেওয়া হবে। জনপ্রতি ২৫ কেজি করে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

জেলেরা জানান, নিবন্ধিত জেলের তুলনায় সরকারি খাদ্য সহায়তা কম হওয়ায় অনেকেই নিষেধাজ্ঞার সময়ে সমস্যায় পড়েন। তারা জেলেদের সঠিক তালিকা তৈরি করে দ্রুত সবাইকে খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন: দুর্গাপূজায় শপিংমল-দোকান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ সময়ে জেলেদের ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এরপরও কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়