স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২২, ৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মী, চিকিৎসক এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোর ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: দেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়