প্রথমবারের মতো লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, প্রথম ধাপে ১৩১ জন
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের শুরু করতে হবে। আজ সেই কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে প্রাইস পোস্টিং হিসেবে দেখা হয়। ধারণা করা হয়, যাদের ঢাকায় পদায়ন করা হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রাইস পোস্টিং-এর ক্ষেত্রেই প্রথমবারের মতো লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে।
আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে বাছাই করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের দক্ষতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসগুলোতে পদায়ন করা হবে।
তিনি আরও জানান, বদলির পর নতুন কর্মস্থলে গিয়ে কেউ দুর্নীতিতে জড়ালে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: প্রতিটি শিশুর ভেতরের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
এ ছাড়া সাবরেজিস্ট্রারের কাছ থেকে এক সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








