আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। সিএমএম আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে আখতারুজ্জামানকে কোনো কুচক্রী মহল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ইন্ধন দিয়েছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার গ্রেফতারের পর শনিবার রিমান্ড শুনানির জন্য তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) যাত্রীদের ব্যাপক চাপের কারণে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয়েছে।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন: বাংলামোটরে চাঁদা চেয়ে হামলা ও গুলি, বহিষ্কৃত যুবদল নেতাসহ ৪ জন রিমান্ডে
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








