গান তৈরির নতুন এআই মডেল ‘লিরিয়া ৩.৫’ আনল গুগল
ছবি: সংগৃহীত
গান তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল লিরিয়া ৩.৫ উন্মোচন করেছে টেক জায়ান্ট গুগল। মডেলটি এখন গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।
গুগলের দাবি, এখন পর্যন্ত তৈরি গান তৈরির মডেলগুলোর মধ্যে লিরিয়া ৩.৫ সবচেয়ে উন্নত। নতুন সংস্করণে কণ্ঠ আরও প্রাণবন্ত করার পাশাপাশি বাদ্যযন্ত্রের বিন্যাসেও আনা হয়েছে বিস্তারিত উন্নতি।
ব্যবহারকারীরা গানের ধরন লিখে কিংবা নির্দিষ্ট কোনো ধরণ বেছে নিয়ে গান তৈরি করতে পারবেন। কণ্ঠসহ সম্পূর্ণ গান তৈরির পাশাপাশি শুধু বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে।
গান তৈরির প্রক্রিয়া সহজ করতে কয়েকটি প্রস্তুত নমুনাও যুক্ত করেছে গুগল। এসব নমুনা ব্যবহার করে জন্মদিনসহ বিভিন্ন বিশেষ উপলক্ষের জন্য ব্যক্তিগত গান তৈরি করা যাবে।
গুগল জানিয়েছে, ভিডিওর জন্য গান, প্রতিষ্ঠানের প্রচারমূলক সংগীত এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মোবাইল ফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ ব্যবহার করা যাবে।
বিশ্বজুড়ে জেমিনির ওয়েব সংস্করণ ও মোবাইল অ্যাপ্লিকেশনে মডেলটি পাওয়া যাচ্ছে। শিল্পী ও এআই নিয়ে কাজ করা নির্মাতাদের জন্য এটি ফ্লো মিউজিক-এও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: চালক ছাড়াই চলবে ট্যাক্সি, টেসলার সাইবারক্যাব চালু
এ ছাড়া সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার সেবা গুগল ভিডসেও মডেলটি যুক্ত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








