স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৫, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না

ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না

ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছে তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি ও পরিবেশ তৈরি হয়েছে, তার অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

তবে দেশের সব ইউনিয়ন পরিষদে একসঙ্গে নির্বাচন আয়োজন করা অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে কঠিন বলে জানান তিনি। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে দেশের সব ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইসির কাছে যে দাবি জানানো হয়েছিল, সে বিষয়ে নেতিবাচক অবস্থান জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার পরিবেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সময়। যেহেতু অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষকরাই প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, তাই পরীক্ষার সময় এড়িয়ে ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

ভোটার স্থানান্তর প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার স্থানান্তর একটি স্বাভাবিক ও রুটিন প্রক্রিয়া। এটিকে কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই। ভুল বোঝাবুঝি ও অনিয়ম এড়াতে কমিশন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, যাতে সবাই নিয়ম মেনে এ সুযোগ নিতে পারেন।

নির্বাচন কমিশন সরকারের চাপের মধ্যে রয়েছে- জামায়াতে ইসলামীর এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কমিশন সরকারের চাপে রয়েছে এ ধরনের ভিত্তিহীন দাবি করাই মূলত কমিশনকে চাপে রাখার একটি রাজনৈতিক কৌশল।

আসন্ন উপনির্বাচনগুলোতে ভোটদান প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পোস্টাল ব্যালট ভোটিংকে সাধারণ মানুষের জন্য আরও জনবান্ধব ও কার্যকর করাই কমিশনের লক্ষ্য বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত এবং কারচুপি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য বডি-ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় ড্রোন প্রযুক্তিও ব্যবহার করা হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানের কাজ দ্রুত এগিয়ে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন বদ্ধপরিকর বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়