রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
রাষ্ট্র মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। ৩০ জুন ২০২৬ ভিত্তিতে এসব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি -এর ৩০ জুন ২০২৬ ভিত্তিক মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।
আরও পড়ুন: মার্কিন শুল্কের চাপে ৭ মাসে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬%
অন্যদিকে অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসির ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








