স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩২, ৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (চন্দন কুমার ধর) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

এ-সংক্রান্ত রুলের শুনানি শেষে রবিবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনিই জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা দুই মামলায় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চট্টগ্রামের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দুটি করা হয়। বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন চিন্ময়। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

পরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় সাইফুল ইসলামের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলাতেও চিন্ময়কে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এ ছাড়া আরও কয়েকটি মামলা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়