News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ৬ এপ্রিল ২০২৬

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না; এটি রহিত, স্থগিত বা সংশোধন করা যায় বলে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠন করা প্রয়োজন। তিনি জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়ের প্রতি সম্মান জানিয়ে বলেন, ২০২৪ সালের জুলাই জাতীয় সনদ ও ঘোষণাপত্রের মূল ভাবনা সংবিধানে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার রয়েছে সরকারের। এটি চতুর্থ তফসিলে সংযোজন করা হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা করা যায় না।

পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতোমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো সংসদের মাধ্যমেই বাতিল বা সংশোধন করা হবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে সংযোজিত ‘ভুল ইতিহাস’ বিলুপ্ত করার প্রয়োজন রয়েছে।

তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রোভিশনাল হেড অব স্টেট হিসেবে ঘোষণা প্রদান করেন। এটিকেই ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।

সংবিধানের মূলনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহাল করতে চায় সরকার। তার ভাষ্য অনুযায়ী, এটি জিয়াউর রহমান সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তী সময়ে বাতিল করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা সংসদের মাধ্যমে প্রয়োগ হয়। এ লক্ষ্যে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে।

আরও পড়ুন: সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসি: প্রধানমন্ত্রী

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের নিয়ে একটি বিশেষ সংসদীয় কমিটিতে আলোচনা করে সংবিধান সংশোধনের পথ নির্ধারণ করা উচিত। বাইরে থেকে কোনো ‘প্রেসক্রিপশন’ গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়