সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সব ধর্মের মানুষকে সমানভাবে দেখে এবং সবার প্রতি সমান ভালোবাসা রাখে।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এবং শুভেচ্ছা বিনিময় করে।
ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, দেশ সবার। সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে, যা অতীতের একটি প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় বিভিন্ন খাতে ভঙ্গুর অবস্থা ছিল, যা অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো মনে হয়েছে। সরকার ধীরে ধীরে এসব খাত পুনর্গঠনে কাজ করছে।
এ সময় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের প্রতিনিধি খ্রীস্টেফার অধিকারী বক্তব্য রাখেন।
তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য বিশেষ ভাতা—উল্লেখ করে প্রশংসা করেন।
প্রতিনিধিরা জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।
এ সময় তারা সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিলেন মার্কিন রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো বিবেচনা করে দেখার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








