প্রেম-বিয়ে-অভিনয় ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তৃষা
তৃষা কৃষ্ণন। ছবি: সংগৃহীত
থালাপতি বিজয়ের সঙ্গে সম্পর্ক, বিয়ে ও অভিনয় ছাড়ার গুঞ্জন-সবকিছু নিয়েই মুখ খুলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সম্প্রতি চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তাকে দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
এর মধ্যেই বিজয়ের স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে এলে গুঞ্জন আরও জোরালো হয়। পাশাপাশি ভারতীয় কিছু গণমাধ্যমে দাবি করা হয়, তৃষা নতুন কাজ নিচ্ছেন না এবং শিগগিরই অভিনয় থেকে সরে দাঁড়াতে পারেন। এমনকি ধনী এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে ও সন্তানের মা হওয়ার খবরও ছড়ায়।
তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করেছেন তৃষা। ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়েও করেছি, আবার চার সন্তানের মা! আর কিছু বলব? -এর মাধ্যমে তিনি পরিষ্কার করে দেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।
অন্যদিকে, ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার মুখে নির্বাচনী এক জনসভায় ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলেন থালাপতি বিজয়ও। তৃষাকে নিয়ে অভিনেতা পার্থিবনের মন্তব্যের জবাব দেন তিনি।
আরও পড়ুন: ভিয়েনার ‘রেড লোটাস’ উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’
সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা থাকলেও তৃষা স্পষ্ট করেছেন—তিনি এখনই অভিনয় ছাড়ছেন না এবং ভিত্তিহীন গুঞ্জনে গুরুত্ব দেওয়ার কোনো ইচ্ছা নেই। সূত্র: দ্য ওয়াল নিউজ
নিউজবাংলাদেশ.কম/এসবি








