News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:২৭, ৩ এপ্রিল ২০২৬

ফের কারাগারে সংগীতশিল্পী নোবেল

ফের কারাগারে সংগীতশিল্পী নোবেল

মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানি শেষে এ নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। 

জামিনের শর্ত অনুযায়ী আপোষের কথা থাকলেও নোবেল তা ভঙ্গ করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিলেও জামিনে মুক্তি পাওয়ার পর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এর কারণে আদালত জামিন বাতিলের আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দিয়েছিল, যা বৃহস্পতিবার পর্যন্ত বৈধ ছিল।

মামলার নথি অনুযায়ী, নোবেল আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

২০২৫ সালের ১৩ আগস্ট মামলা হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ৭ জানুয়ারি পিবিআই সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন সিমরিন লুবাবা

উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় করা এক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিন পান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়