News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ৩ এপ্রিল ২০২৬

ডিজিটাল লেনদেনে `বাংলা কিউআর` বাধ্যতামূলক

ডিজিটাল লেনদেনে `বাংলা কিউআর` বাধ্যতামূলক

প্রতীকী ছবি

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু করা বাধ্যতামূলক করা হয়েছে।

নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা এবং দায়ীদের তিন বছরের জেল বা উভয় দণ্ড হতে পারে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের বুধবার (১ এপ্রিল) জারি করা সার্কুলার অনুযায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও অপারেটরদের (পিএসও) জন্যও এই নিয়ম প্রযোজ্য।

প্রতিটি মার্চেন্ট পয়েন্টে স্পষ্টভাবে ‘বাংলা কিউআর’ প্রদর্শন করতে হবে। ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরি সমন্বয় ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে, যাতে লেনদেনের কোনো বিঘ্ন না ঘটে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মার্চেন্ট পয়েন্ট তদারকি করতে হবে। যদি কোনো মার্চেন্ট পেমেন্টের বদলে ‘বাংলা কিউআর’ ব্যবহার না করে ক্যাশ-আউট সুবিধা দেয়, তবে তাদের কিউআর সুবিধা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলা কিউআর’ আনার উদ্দেশ্য হলো নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা। এর ফলে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

আরও পড়ুন: এবার বিকল্প পথে সৌদি থেকে ১ লাখ টন তেল আসছে বাংলাদেশে

এমন ইন্টারঅপারেবল সিস্টেম ২০২৩ সালে চালু হয়েছে। সরকার নির্ধারণ করেছে, ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদহীন বা ক্যাশলেস করার লক্ষ্য। ইতোমধ্যে, ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের ক্ষেত্রে কিউআর পেমেন্ট সুবিধা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়