মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।
শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে জাহাজটি বন্দরের বহির্নোঙর কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।
জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। সংস্থাটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে থাকা ডিজেলের মধ্যে প্রায় ৫-৬ হাজার টন বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করা হবে, যা সম্পন্ন করতে অন্তত দুই দফা অপারেশন লাগবে।
তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।
এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ খালাস কার্যক্রম শুরু করেছে। জাহাজটি রবিবার বন্দর ত্যাগ করবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম সমন্বয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানি জোরদার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








