News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ৪ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম সমন্বয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

জ্বালানি তেলের দাম সমন্বয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও শিগগিরই দামের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই। তবে বিশ্ববাজারে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে। রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে এবং পরিস্থিতি মোকাবিলায় শিগগিরই মূল্য সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরে তিনি বলেন, সরবরাহ বিঘ্নিত হলে কৃষি ও শিল্প খাতে বড় ধরনের ক্ষতি হতে পারে। ব্যয় কমাতে সরকার ইতোমধ্যে সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে বিকল্প উৎস খুঁজে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। তিনি আরও বলেন, এই সংকট কেবল বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা।

আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘ইউয়ান জিং হি’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেইপিজেড-এর চেয়ারম্যান কিহাক সুং।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়