News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩১, ৬ এপ্রিল ২০২৬

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সরবরাহ সংকটের মধ্যেই স্বস্তির খবর মিলেছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল (ডিজেল) নিয়ে ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে আসা চারটি বিশাল জাহাজ এখন চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। 

সোমবার (০৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জাহাজগুলো থেকে জ্বালানি পণ্য খালাসের প্রক্রিয়া পুরোদমে চলছে।

বন্দর সূত্র ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এই চালানগুলো বিশেষ গুরুত্ব বহন করছে। এলপিজিবাহী জাহাজ ‘গ্যাস চ্যালেঞ্জার’ ভারত থেকে পণ্য নিয়ে গত ৩১ মার্চ বন্দরে পৌঁছায়, যা বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে আসা গ্যাস অয়েলবাহী জাহাজ ‘শান গ্যাং ফা শিয়ান’ ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে এবং বর্তমানে এটি ‘ডিওজে-৬’ বা ডলফিন জেটিতে অবস্থান করছে; আগামী ৭ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

এদিকে, নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা বিশাল জাহাজ ‘কুল ভয়েজার’ (স্থানীয় এজেন্ট: ইন্টারপোর্ট) ৫ এপ্রিল বন্দরে পৌঁছে বর্তমানে ‘এফএসআরইউ’-তে অবস্থান করছে। একই দিনে চীন থেকে এলপিজি নিয়ে আসা অপর জাহাজ ‘গ্যাস জার্নি’ (স্থানীয় এজেন্ট: ইউনাইটেড শিপিং) ‘চার্লি’ এলাকায় নোঙর করেছে। বন্দর কর্তৃপক্ষের লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ৮ এপ্রিলের মধ্যে এই দুটি জাহাজের খালাস কার্যক্রম সম্পন্ন হবে এবং জাহাজ দুটি বন্দর ত্যাগ করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ও জনসংযোগ কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম এই প্রসঙ্গে জানান, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতেই এসব জ্বালানি পণ্য দ্রুত খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবগুলো জাহাজ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের এই ক্রান্তিকালে একসঙ্গে চারটি জাহাজের আগমন এবং দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন হওয়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও জনমনে স্বস্তি ফেরাতে বড় ভূমিকা পালন করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়