প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও শিবলী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।
রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদানের ক্ষেত্রে মাহদী আমিন ও আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাহদী আমিন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষা, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমে তার সম্পৃক্ততা রয়েছে। ২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হন এবং ২০২৪ সালে দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব নেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছেন। কর্মজীবনে তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং চ্যানেল আইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: র্যাবের বিলুপ্তি নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: র্যাব মহাপরিচালক
এ ছাড়া চার দলীয় জোট সরকারের সময় তিনি কলকাতা উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পরিমণ্ডলেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








