News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৭ এপ্রিল ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিবি।

জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায় তার নাম রয়েছে। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। টিপু মুনশি বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন শিরীন শারমিন চৌধুরী। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। এরপর টানা চার দফায় তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন: মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে বড় পদক্ষেপের ঘোষণা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়