News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৭, ৬ এপ্রিল ২০২৬

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে বড় পদক্ষেপের ঘোষণা প্রধানমন্ত্রীর

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে বড় পদক্ষেপের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (০৬ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি স্বাস্থ্য খাতের উন্নয়নে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগসহ সরকারের বহুমুখী কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর আধুনিক স্বাস্থ্যকাঠামো গড়ে তোলা হচ্ছে। এই উন্নয়ন যাত্রায় শহর ও গ্রামের ব্যবধান ঘুচিয়ে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে ধাপে ধাপে এক লাখ ‘হেলথ কেয়ারার’ বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার প্রায় ৮০ শতাংশই হবেন নারী। এছাড়া প্রতিটি নাগরিকের ডিজিটাল স্বাস্থ্য তথ্য সংরক্ষণে চালু হচ্ছে 'ই-হেলথ কার্ড'। দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেল চালু এবং স্বাস্থ্যবিমা ব্যবস্থার ধীরে ধীরে বিস্তার ঘটানোর মাধ্যমে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবা কোনো করুণা বা সুবিধা নয়, বরং মানুষের মৌলিক অধিকার—এমন নীতির ভিত্তিতেই প্রণয়ন করা হচ্ছে ন্যায়সঙ্গত নতুন আইন।

আরও পড়ুন: আজ প্রথম একনেক সভা, তারেক রহমানের নেতৃত্বে আসছে ১৭ প্রকল্প

এ বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’-এর গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশের সুস্থতা একে অপরের পরিপূরক। এই ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা বাস্তবায়নে চিকিৎসাবিজ্ঞান, কৃষি ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণার ওপর জোর দিচ্ছে সরকার। আধুনিক চিকিৎসায় নির্ভুল রোগ নির্ণয়ের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML), ভার্চুয়াল রিয়েলিটি (VR) ও অগমেন্টেড রিয়েলিটি (AR)-এর মতো প্রযুক্তির ব্যবহার ও প্রসারকে উৎসাহিত করার ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী তার বাণীতে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ দর্শনের কথা উল্লেখ করে জানান, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে সবার জন্য সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে শক্তিশালী করার পাশাপাশি সেবাদাতা ও সেবাগ্রহীতা উভয় পক্ষের সুরক্ষা নিশ্চিত করা হবে। বাণীর শেষাংশে তিনি একটি সুস্থ ও সবল জাতি গঠনে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়