সারাদেশে কালবৈশাখীর সতর্কবার্তা: ১০ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা
ফাইল ছবি
বসন্তের বিদায়লগ্নে রাজধানী ঢাকাসহ সারাদেশেই রুদ্রমূর্তি ধারণ করেছে কালবৈশাখী। লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই বিচ্ছিন্নভাবে তীব্র ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উপকূলীয় ও মধ্যাঞ্চলের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পৃথক কয়েকটি বিজ্ঞপ্তিতে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই সময়ে ঝড়ের সঙ্গে প্রবল বজ্রপাত এবং দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বুধবার রাত থেকেই এই ঝোড়ো হাওয়ার আবহ তৈরি হয়েছে, যা আজ দিনভর অব্যাহত থাকতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া দুপুর ১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বিধায় সেখানে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সকল নৌযানকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: ঢাকা ও ১৬ জেলায় বজ্রসহ ঝড়ের সতর্কতা
এদিকে বুধবার রাত থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ১২ মিলিমিটার এবং সকাল ৭টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ভোরেও বৃষ্টির দাপট ছিল, যার ফলে অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। যদিও সকাল সাড়ে আটটার দিকে মেঘ চিরে ক্ষণিকের রোদের দেখা মিলেছিল, তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশে মেঘের একটি শক্তিশালী 'সেল' বা খণ্ড অবস্থান করছে। ফলে দুপুর ১২টার পর রাজধানীর আকাশ আবারও মেঘলা হয়ে উঠতে পারে এবং দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শুধু ঢাকা নয়, বৃষ্টি হয়েছে প্রায় সারা দেশেই। এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৬ মিলিমিটার, যশোরে ২৭, নীলফামারীর ডিমলায় ৩১ এবং গোপালগঞ্জে ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, যা ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আবহাওয়াবিদদের মতে, কালবৈশাখীর এই ধারা আরও অন্তত ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








