News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১১, ৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির মাঝেই কুয়েতে ইরানের ড্রোন হামলা

যুদ্ধবিরতির মাঝেই কুয়েতে ইরানের ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাঝেই কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

বুধবার (০৮ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় দেশটির তেল অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই দিনে লেবাননের সিদোন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বুধবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে ইরানের পক্ষ থেকে হামলার এক তীব্র ঢেউ শুরু হয়। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি এক বিবৃতিতে জানান, কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত ২৮টি ইরানি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এর মাঝেই বেশ কিছু ড্রোন দেশটির দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানে।

এই আক্রমণকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক ইরানি হামলার তীব্র ঢেউ’ হিসেবে অভিহিত করে মুখপাত্র আল-ওতাইবি জানান, হামলার মূল লক্ষ্য ছিল দক্ষিণ কুয়েতের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট। ড্রোন আঘাত হানার ফলে এসব স্থাপনার উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের

উল্লেখ্য যে, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত দফায় দফায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই আগ্রাসন প্রতিহত করে আসছে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে কুয়েতের মাটিতে এই ধারাবাহিক হামলার ঘটনায় সেই যুদ্ধবিরতির কার্যকারিতা এখন বড় ধরণের প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চলাকালীন এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং বড় ধরনের সামরিক সংঘাতের পথ প্রশস্ত করতে পারে।

এদিকে কুয়েত সংকটের মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিদোন এলাকায় আকাশপথে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ভোরের এই হামলায় আটজন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তায়িরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে শহর খালি করার নির্দেশ দিয়েছে।

একদিকে কুয়েতে ইরানি ড্রোন হামলা এবং অন্যদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়