News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০০, ৮ এপ্রিল ২০২৬

অশালীন গান ও কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগ, আইনি জটিলতায় নোরা 

অশালীন গান ও কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগ, আইনি জটিলতায় নোরা 

ছবি: ফেসবুক

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার গান ‘সরকে চুনার তেরি সরকে’। যেখানে নোরা ফাতেহিকে পারফর্ম করতে দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে। গানটি প্রকাশের পর থেকে শুরু হয়েছে নানা বিতর্ক।

গানের অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগের কারণে ইতোমধ্যে প্রযোজক-প্রকাশকরা বাধ্য হয়ে গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে। তারপরও রেহাই মিলছে না নোরা এবং ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমায় শিল্পী ও নির্মাতাদের। গানের বিরুদ্ধে রীতিমতো আইনি লড়াইয়ে নেমেছে ভারতের জাতীয় মহিলা কমিশন।

জানা গেছে, সোমবার এক শুনানিতে কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সৃজনশীলতার দোহাই দিয়ে নারীর সম্মান ক্ষুণ্ন করা মোটেই বরদাশত করা হবে না।

আরও পড়ুন: প্রেম-বিয়ে-অভিনয় ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তৃষা

সোমবারের শুনানিতে সিনেমার পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন নোরা ফাতেহি। অভিনেত্রীর পক্ষ থেকে তাঁর আইনজীবী উপস্থিত হলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি। অভিনেত্রীকে সশরীরে হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। 

শুনানি চলাকালীন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন অত্যন্ত অসন্তোষের সঙ্গে বলেন, ‘সৃজনশীলতার নামে নারী মর্যাদার সঙ্গে আপস একেবারেই করা যায় না।’

যদিও ছবির নির্মাতারা দাবি করেছিলেন যে, তারা গানের কথার গভীর অর্থ বুঝতে পারেননি, কিন্তু কমিশন সেই যুক্তি খারিজ করে দিয়েছে। শেষমেশ নির্মাতারা তাদের ভুলের জন্য লিখিত ক্ষমা চেয়েছেন। আগামী তিন মাস তারা নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করবেন এবং সেই রিপোর্ট কমিশনে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়