সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ, ৩ দিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেট
ছবি: সংগৃহীত
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) সংযোগে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকদিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।
প্রতিষ্ঠানটি মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫-এর কনসোর্টিয়াম ‘এস.১.৫.১ শান্ট ফল্ট রিপেয়ার’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত টানা ৩ দিন ৮ ঘণ্টা করে কাজ চলবে।
এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাবল সংযোগ দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহারে ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু
তবে বিকল্প হিসেবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সংযোগ ‘সি-মি-উই-৪’-এর মাধ্যমে সেবা চালু থাকবে এবং স্বাভাবিক ইন্টারনেট সেবা নিশ্চিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রক্ষণাবেক্ষণ চলাকালে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় চালু করা যায়।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি








