এপ্রিল মাসে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
ছবি: সংগৃহীত
চলতি এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পারদ বেশ চড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আশঙ্কাও আছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভায় জানানো হয়েছে, এপ্রিল মাসে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে দিনের এবং রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে।
সমুদ্রের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এপ্রিলে দেশের প্রধান নদ-নদীর পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। দৈনিক গড়ে ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা সূর্যকিরণ পাওয়া যেতে পারে এবং বাষ্পীভবন হতে পারে ৩.০ থেকে ৫.০ মিলিমিটার।
আরও পড়ুন: কমলো অফিসের সময়, দোকান ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ
বিদায়ী মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।








