স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৩:৩৬, ১৩ জুন ২০২৬

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ক্রিকেটার নাঈম হাসানের ভাই সাব্বির আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। এতে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ আনা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত তিনজনকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন নাঈম হাসান। পথে লালখানবাজার ফ্লাইওভারের কাছে তাকে আটকানো হয় বলে অভিযোগ।

নাঈম হাসানের অভিযোগ, ডিবি পরিচয়ে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয় এবং পরিচয় দেওয়ার পরও মারধর করা হয়। পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নাঈম বলেন, নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়েছে এবং লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পুলিশি কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা নির্যাতন বরদাশত করা হবে না।

আরও পড়ুন: প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

এদিকে বিসিবি সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের পর নাঈম হাসান ন্যায়বিচারের আশ্বাস পেয়েছেন বলেও জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়