ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকটের অভিযোগ
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংক পিএলসি'র এটিএম বুথগুলো থেকে প্রয়োজনীয় নগদ অর্থ তুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। তবে ব্যাংকের ইলেকট্রনিক বা ডিজিটাল অর্থের কোনো সংকট নেই বলে জানিয়েছে ব্যাংকটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
মূলত বাংলাদেশ ব্যাংক থেকে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ না পাওয়ায় ডাচ-বাংলা ব্যাংকে এই সাময়িক সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গুলশান, বনশ্রি এলাকার তিনটি এটিএম বুথের কোনোটিতেই নগদ অর্থ ছিল না বলে অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহিতা।
গ্রাহক শাফিন মাহমুদ জানান, গুলশান থেকে আসার পথে তিনি বনশ্রি, গুলশানে তিনটি বুথে চেষ্টা করেছেন, কিন্তু কোথাও টাকা পাননি।
তিনি জানান কয়েকটি বুথে চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গুলশান উদয় টাওয়ার বুথ থেকে টাকা তুলতে পেরেছেন।
ওই গ্রাহক জানান, সেখানে উপস্থিত ব্যাংক কর্মকর্তারা জানান, বুথে মাত্র ৮০ হাজার টাকা আছে। তাই লাইনে দাড়ানো সবাই অল্প পরিমাণ টাকা তুলতে পারবেন।
আরও পড়ুন: সোনার দাম ভরিতে কমলো ৪৪৩২ টাকা
সলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ উত্তোলনসংক্রান্ত চলমান সংকটের মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের মতো একটি বড় ব্যাংকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এটিএম বুথে টাকা না পাওয়ার ভোগান্তি ও ক্ষোভের কথা জানিয়েছেন।
তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান বলেন, "আমাদের কোনো ধরনের তারল্য সংকট বা কারিগরি সংকট নেই।"
একাধিক গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করে স্টাটাস দেন।
আরেক গ্রাহক শামস উদ্দিন ফেসবুকে জানিয়েছেন, বনশ্রী, রামপুরা ও আফতাবনগর এলাকায় গত রাতে টাকা তুলতে গিয়ে তিনি কোথাও নগদ অর্থ পাননি।
অবশ্য এটিএম বুথে নগদ অর্থের সংকট থাকলেও ব্যাংকটির ডিজিটাল ও অনলাইন লেনদেন স্বাভাবিক রয়েছে।
এ ছাড়া ব্যাংকটির বিভিন্ন শাখায় আসা গ্রাহকদের অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও কোনো ধরনের জটিলতার তথ্য পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








