পাবনায় ধর্ষণ-হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩
ছবি: সংগৃহীত
পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং মৃত ইউসুফের ছেলে সাপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী থেকে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন মরদেহ দাফনের পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের কয়েকজন প্রতিবেশী ও উৎসুক জনতা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় অভিযুক্ত পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেফতার
উল্লেখ্য, কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








