অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি
অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে প্রচার করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস ও দর্শনসহ মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি।
নূরুল আফসার দীপু আরও বলেন, এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ২০ জুলাই এসএসসির ফল, ২০২৮-এ নতুন কারিকুলাম
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার ও কিছু নতুন বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে। তবে ওই সংস্কার প্রস্তাবনায় অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব নেই।
নিউজবাংলাদেশ.কম/এসবি








