স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৩:৪৯, ১৩ জুন ২০২৬

দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বৈশ্বিক বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

তিনি বলেছেন, প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী ঢাকা।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’। বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি জ্বালানি সংকটকে বিনিয়োগের অন্যতম বড় প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে বলেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করতে হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে।

ড. খলিলুর রহমান আরও জানান, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার স্বচ্ছ, টেকসই ও পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রথাগত খাতের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প এবং ক্রীড়া অর্থনীতির মতো উদীয়মান খাতে বিনিয়োগ ও নীতিগত সহায়তা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, এসব খাত বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরতে সহায়ক হবে।

আরও পড়ুন: বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্মেলনে ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির আলোকে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও টেকসই প্রবৃদ্ধির পথ সুগম করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়