বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত। কৃষকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সরকার খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য বিশেষ সহায়তা চালুর পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। সে লক্ষ্যেই স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ এবং মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।
পাতলী খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন, ১ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সরকার দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








