প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে উত্তর আমেরিকা বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করল সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ওয়েস্টন ম্যাককেনির আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এ গোলই হয়ে ওঠে চলতি বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল।
গোল পাওয়ার পরও আক্রমণের ধার বজায় রাখে যুক্তরাষ্ট্র। ২৮ মিনিটে ফোলারিন বালোগানের করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে তিন মিনিট পরই পুলিসিকের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও জ্বলে ওঠেন বালোগান। দ্রুত পাল্টা আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে এক গোল শোধ দেয় তারা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ তখনো স্বাগতিকদের হাতেই ছিল।
শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে জিওভানি রেইনার দারুণ এক বাঁকানো শটে গোল করেন। এতে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচেই মেক্সিকোর জয়
পুরো ম্যাচজুড়ে দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপ মিশন শুরু করল সহ-আয়োজকরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








