বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ১৫ জুন ২০২৬

বিয়ের পর শিক্ষার্থীদের পাশে বিজয়-রাশমিকা

বিয়ের পর শিক্ষার্থীদের পাশে বিজয়-রাশমিকা

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সামাজিক উদ্যোগেও সক্রিয় হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তেলেঙ্গানার শিক্ষাব্যবস্থার উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শন করেন বিজয়। গ্রামটি তার বাবার জন্মস্থান। সেখানকার নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিজয় শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করে জানান, ১৮০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। 

পোস্টে তিনি লেখেন, আমরা ঘুম্মানপেটায় যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি একটি ছোট স্বপ্ন বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলাম। নবম ও দশম শ্রেণির পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করাই আমাদের লক্ষ্য।

এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবারের উদ্দেশে বিজয় বলেন, আমরা হয়তো ছোট একটি বৃত্তি দিচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই এবং এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাই। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়াই আমাদের উদ্দেশ্য।

রাশমিকা মান্দানাও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি আমার কথা রাখব। ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে আমরা একটি ইতিবাচক উদ্যোগ শুরু করছি। আমার শ্বশুরের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করতে পেরে আমি ভীষণ আনন্দিত।

আরও পড়ুন: পডকাস্ট এখন মাছের বাজারে পরিণত হয়েছে: ফাহমিদা নবী

এদিকে, এই জুটিকে খুব শিগগিরই ‘রানাবলি’ শিরোনামের একটি নতুন চলচ্চিত্রে একসঙ্গে দেখা যেতে পারে। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়