বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ১৫ জুন ২০২৬

প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি

প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি

ফাইল ছবি

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার একটি মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে। 

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় কারাগারে থাকা তৌহিদ আফ্রিদিকে এই নতুন মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, এ মামলায় ইতোমধ্যে গ্রেফতার হওয়া সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত, রহস্য উদঘাটন এবং বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

আরও পড়ুন: পডকাস্ট এখন মাছের বাজারে পরিণত হয়েছে: ফাহমিদা নবী

আদালতে গ্রেফতার দেখানোর পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম জোরালো শুনানি উপস্থাপন করেন। 

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন। উভয় পক্ষের আইনি যুক্তি ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতির সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। চক্রটি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য প্ররোচিত করে। শুরুতে বিনিয়োগের সামান্য পরিমাণ অর্থ মুনাফাসহ ফেরত দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে চক্রটি। এরপর আরও বড় অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনায় প্রতারিত ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ওয়ারী থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, তৌহিদ আফ্রিদি এর আগে থেকেই কারাগারে রয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল। প্রতারণার এই নতুন মামলায় গ্রেফতার দেখানোর মধ্য দিয়ে আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটরের আইনি জটিলতা আরও বৃদ্ধি পেল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়