যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণার পর কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসান চুক্তির ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, ট্রাম্পের ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯ শতাংশ কমে ৮৪ ডলারে নেমে এসেছে।
একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮১ ডলারে দাঁড়িয়েছে।
রবিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, ইরানের সঙ্গে যুদ্ধাবসান চুক্তি সম্পন্ন হয়েছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হবে।
এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। বাজার বিশ্লেষকদের মতে, গত ৪ মার্চের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এলো।
বিশ্লেষকদের ভাষ্য, মূল্যহ্রাস বাজারের জন্য ইতিবাচক সংকেত হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে বলেন, যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারের মধ্যে ছিল। সংঘাত শুরুর পর তা ধাপে ধাপে বেড়ে একসময় ১০০ ডলার অতিক্রম করে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, মধ্যস্থতায় পাকিস্তান
তিনি আরও বলেন, তেলের দাম ৯০ ডলারের নিচে নেমে আসা ইতিবাচক হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার পরও বাজারকে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








