দেশে প্রথমবার ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করল গ্রামীণফোন
ছবি: সংগৃহীত
দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালুর ঘোষণা দিয়েছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এই উদ্যোগের মাধ্যমে ফোরজি নেটওয়ার্কের কর্মক্ষমতা বৃদ্ধি এবং আরও বিস্তৃত ও মানসম্মত সংযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
রবিবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করবে। শহর ও গ্রাম উভয় অঞ্চলে উন্নতমানের সংযোগ নিশ্চিতের মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকার আরও সহজ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, লো-ব্যান্ড স্পেকট্রাম হিসেবে ৭০০ মেগাহার্টজ ভবনের ভেতরে এবং সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে নেটওয়ার্ক কভারেজ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশজুড়ে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য সংযোগ, উন্নত ভয়েস ও ডেটা সেবা এবং ভালো নেটওয়ার্ক অভিজ্ঞতা পাবেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালুর মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত নেটওয়ার্ক অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তি ফোরজির পারফরম্যান্স বৃদ্ধি, উচ্চগতির ডেটা সেবা, কম ল্যাটেন্সি এবং ভবিষ্যৎ প্রযুক্তির জন্য নেটওয়ার্ক প্রস্তুত করতে সহায়তা করবে।
আরও পড়ুন: বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক
চলতি বছরের শুরুতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রথমবারের মতো গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয়। ১৩ বছরের জন্য দেওয়া এই বরাদ্দের বিপরীতে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা জমা দেবে প্রতিষ্ঠানটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








