সার্চ প্রোফাইল সুবিধা চালু করল গুগল
ছবি: সংগৃহীত
গুগল সার্চে কনটেন্ট নির্মাতা ও প্রকাশকদের তথ্য আরও সহজে উপস্থাপন করতে নতুন ‘সার্চ প্রোফাইল’ সুবিধা চালু করেছে। এ ফিচারের মাধ্যমে একজন নির্মাতা বা প্রকাশকের পরিচিতি, প্রকাশিত কনটেন্ট এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের কার্যক্রম একসঙ্গে দেখা যাবে।
গুগলের তথ্যমতে, ‘সার্চ প্রোফাইল’ একটি স্বতন্ত্র প্রোফাইল পেজ, যেখানে নির্মাতা বা প্রকাশকেরা ওয়েবজুড়ে ছড়িয়ে থাকা নিজেদের কনটেন্ট এক জায়গায় যুক্ত করতে পারবেন। এর মধ্যে সংবাদ প্রতিবেদন, ভিডিও, ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও অন্তর্ভুক্ত থাকবে।
এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো নির্মাতা বা প্রকাশকের সম্পর্কে আরও বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য সহজেই খুঁজে পাবে এবং তাদের কনটেন্ট অনুসরণ করাও সহজ হবে। তবে এ ফিচার ব্যবহারের জন্য সংশ্লিষ্ট নির্মাতা বা প্রকাশকের অন্তত একটি বড় সামাজিক যোগাযোগমাধ্যম বা ভিডিও প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য অনুসারী থাকা প্রয়োজন।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অঞ্চলেও এটি চালু করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: নতুন কোয়ান্টাম চিপ ‘মেজরানা ২’ উন্মোচন করল মাইক্রোসফট
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন কনটেন্ট খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। এই প্রেক্ষাপটে গুগলের ‘সার্চ প্রোফাইল’ সুবিধা নির্মাতা ও প্রকাশকদের ডিজিটাল উপস্থিতি আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজবাংলাদেশ.কম/এসবি








