অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ
ছবি: সংগৃহীত
প্রায় ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ৩ পুরুষ, ৪ নারী ও ৪ শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ফলে তারা আর সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না।
এর আগে গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসএফের পুশইনের চেষ্টার পর ওই ১১ জন শূন্যরেখায় আটকে পড়েন। কয়েকদিন ধরে সেখানে অবস্থানকালে তারা মানবেতর জীবনযাপন করছিলেন বলে জানা যায়। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
আরও পড়ুন: মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








