জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ৭ জুন ২০২৬

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি আহত হয়েছেন।

রবিবার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। 

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, লোকমান হোসেন মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

ওসি মো. কামরুজ্জামান আরও জানান, আহত ব্যবসায়ীর হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এ হামলা চালায় এবং লোকমান হোসেনের সঙ্গে থাকা মুদ্রার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন: ঈদযাত্রায় ৩৯৪ সড়ক দুর্ঘটনায় ৪০২ জনের মৃত্যু: যাত্রীকল্যাণ সমিতি

মতিঝিলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ব্যাগে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি প্রায় ১৭ হাজার মার্কিন ডলার ছিল। লোকমান হোসেন বিভিন্ন স্থানে মুদ্রা বিনিময়ের ব্যবসা করতেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়