স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৩, ৭ জুন ২০২৬

নিহত ৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

নিহত ৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৭ জুন) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহত শিশুদের পরিবারের মধ্যে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে যৌথভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও জানান, এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ যে সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিল, সেগুলোও বহাল থাকবে। পাশাপাশি প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গত ২৭ মে, পবিত্র ঈদুল আজহার আগের দিন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।

ঘটনার পর হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানান, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় নবজাতক হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়।

তিনি বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত ছয় নবজাতকই মারা যায়।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা, রোগী নিরাপত্তা ও দায়বদ্ধতা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে বলে জানা গেছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়