স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ৫ জুন ২০২৬

ঈদের পর রাজধানীর বাজারে সবজির দাম চড়া, মুরগিতে কিছুটা স্বস্তি

ঈদের পর রাজধানীর বাজারে সবজির দাম চড়া, মুরগিতে কিছুটা স্বস্তি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কমে গেছে। তবে এর মধ্যেও সবজির দামে তেমন কোনো স্বস্তি দেখা যায়নি। সরবরাহ কম থাকায় অধিকাংশ সবজি গত সপ্তাহের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৫ জুন) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটির কারণে অনেক পাইকারি আড়ত ও দোকান এখনো পুরোপুরি চালু হয়নি। ফলে সবজির সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন।

বাজারে করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম মানভেদে ৬০ থেকে ১২০ টাকা এবং কচুর লতির দাম ৮০ থেকে ১০০ টাকা কেজি।

এ ছাড়া টমেটো ৮০ থেকে ১০০ টাকা, মূলা ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজিতে প্রায় ৪০ টাকা কমে বর্তমানে ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবুর দামও কমেছে। এক হালি লেবু ৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ২৫০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ক্যাপসিকামের দাম কেজিতে ৩২০ টাকা।

ঈদের পর মুরগির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। সোনালি কক মুরগি কেজি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল লেয়ার মুরগি ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৭৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে আলু ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশের দাম এখনও চড়া। ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: রেকর্ড রেমিট্যান্সে দেশের রিজার্ভে স্বস্তির হাওয়া

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ঈদ-পরবর্তী ছুটির কারণে রাজধানীর বেশিরভাগ বাজারে গরু ও খাসির মাংসের দোকান বন্ধ দেখা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়