বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চায় তুরস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্যের পরিমাণ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আরও বাড়াতে চায় দেশটি।
শুক্রবার (৫ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।
হাকান ফিদান বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে আরও বাড়াতে চাই। এ লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি জানান, প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতৈক্য হয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ গ্লোবাল সাউথের একটি শক্তিশালী কণ্ঠস্বর এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাগুলো মানবতার অভিন্ন ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ফি, আইনজীবীর ব্যতিক্রমী ঘোষণা
সফর উপলক্ষে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তুরস্কের প্রতিনিধিদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলেও জানান হাকান ফিদান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








