বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৯, ৫ জুন ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী ও কলাকুশলী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী ও কলাকুশলী

ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ বছর ২৮টি ক্যাটাগরিতে ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যৌথভাবে এবং প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও প্রয়াত আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যৌথভাবে আজীবন সম্মাননা পদকে মনোনীত হয়েছেন।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য কে এম হালিমুজ্জামান শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক বিভাগে পুরস্কার পাচ্ছেন। ‘মরিয়ম’ চলচ্চিত্রের জন্য চৈতালী সমদ্দার শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’-এর জন্য এলিজা বিনতে এলাহী শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পাচ্ছেন।

অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য আফরান নিশো শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) এবং ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য আইনুন নাহার পুতুল শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ‘সুড়ঙ্গ’-এর জন্য মনির আহমেদ শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্র), ‘ওরা সাত জন’-এর জন্য নাজিয়া হক অর্ষা শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্র), ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য খন্দকার রশিদ আহমেদ শ্রেষ্ঠ খল চরিত্র এবং ‘সুড়ঙ্গ’-এর জন্য শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার পুরস্কার পাচ্ছেন।

শিশুশিল্পী বিভাগে ‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য মো. লিয়ন শ্রেষ্ঠ শিশুশিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ হাসান ও আনাইরা খান বিশেষ পুরস্কার পাচ্ছেন।

সংগীত বিভাগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন শ্রেষ্ঠ সংগীত পরিচালক, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক এবং ‘সুড়ঙ্গ’-এর জন্য অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সোমেশ্বর অলি শ্রেষ্ঠ গীতিকার, প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ সুরকার এবং ফারুক হোসেন শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন।

কারিগরি বিভাগে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য তাসনীমুল হাসান শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, ‘সুড়ঙ্গ’-এর জন্য যৌথভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, ‘ওরা সাত জন’-এর জন্য সালাহ উদ্দিন আহমেদ বাবু শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: শাকিব খানের রাজত্বে শনির দশা, পাইরেসির কবলে ‘রকস্টার’

এ ছাড়া ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শহীদুল ইসলাম শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, সুমন কুমার সরকার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং বীথি আফরীন শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা শিল্পীর পুরস্কার পাচ্ছেন। ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য সুজন মাহমুদ শ্রেষ্ঠ শব্দগ্রাহক এবং ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সবুজ শ্রেষ্ঠ মেকআপম্যান নির্বাচিত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়