বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ৮ জুন ২০২৬
আপডেট: ০৯:৫৪, ৮ জুন ২০২৬

ভালো চরিত্রের জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে: তাপসী

ভালো চরিত্রের জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে: তাপসী

তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী তাপসী পান্নু আবারও চলচ্চিত্র অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরব হয়েছেন। এবার তিনি হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে অভিনেত্রীদের প্রতি বয়সভিত্তিক বৈষম্য এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন।

সম্প্রতি টাইমস এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেন, একজন অভিনেত্রীর জন্য ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করতে দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার পরই তাকে ‘বয়স হয়ে গেছে’ তকমার মুখোমুখি হতে হয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি যখন হিন্দি চলচ্চিত্রে কাজ শুরু করি, তখন আমার বয়স বিশের কোঠার মাঝামাঝি। ভালো চরিত্র পাওয়ার জন্য কয়েক বছর সংগ্রাম করতে হয়েছে। যখন একজন অভিনেত্রী নিজের জায়গা তৈরি করেন, তখন প্রায়ই তার বয়স ৩০ পেরিয়ে যায়। আর তখনই বলা হয়, রোমান্টিক-কমেডি ধরনের চরিত্রের জন্য তিনি আর উপযুক্ত নন।’

তাপসীর মতে, একই পরিস্থিতিতে পুরুষ অভিনেতাদের কখনোই এমন মন্তব্যের মুখে পড়তে হয় না। তিনি বলেন, ‘অনেক সময় এমন চরিত্রের জন্যও কম বয়সী অভিনেত্রী খোঁজা হয়, যেখানে বয়স কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। অথচ পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এই মানদণ্ড প্রয়োগ করা হয় না। বয়স বৈষম্য আমাদের ইন্ডাস্ট্রির একটি বাস্তবতা।’

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তাপসী জানান, সেখানে বয়স ও ইমেজ নিয়ে আরও কিছু অদ্ভুত ধারণা প্রচলিত রয়েছে। তিনি বলেন, কোনো সিনিয়র অভিনেতার বিপরীতে অভিনয় করার পর অনেক তরুণ অভিনেতা তার সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করতেন। কারণ তাদের ধারণা ছিল, সিনিয়র অভিনেতার বিপরীতে অভিনয় করা কোনো অভিনেত্রী তরুণ নায়কের সঙ্গে মানানসই হবেন না।

এ প্রসঙ্গে তিনি বলিউডের উদাহরণ টেনে বলেন, ‘শাহরুখ খানের মতো অভিনেতাদের ক্ষেত্রে কেউ এমন মন্তব্য করার সাহস পাবে না। বরং তার সঙ্গে কাজ করা অনেক অভিনেত্রীর ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে।’

শুধু বয়স বৈষম্য নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীরের গঠন নিয়ে অতিরিক্ত চাপ বা ‘বডি ইমেজ’ সংস্কৃতি নিয়েও কথা বলেছেন তাপসী। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, একসময় তলপেটের মেদ কমানোর চিন্তায় তিনি অতিরিক্ত শরীরচর্চা করতেন।

তবে পরে তিনি উপলব্ধি করেন, অতিরিক্ত ওয়ার্কআউটের কারণে শরীর উল্টো প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এবং মেদ কমার পরিবর্তে পানি জমে শরীর ভারী হয়ে যায়। এ কারণে ভক্তদের তিনি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ‘কাফফরা এত ভয়াবহ হবে ভাবিনি’

কাজের ক্ষেত্রে তাপসীকে শিগগিরই নেটফ্লিক্সের নতুন চলচ্চিত্র ‘গান্ধারী’-তে দেখা যাবে। দেবাশীষ মাখিজা পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন কণিকা ধিলোঁ। এর আগে তিনি অনুভব সিনহা পরিচালিত ‘আসি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সূত্র: আইডিভা

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়